দেবিদ্বারে ফ্যামিলি কার্ড কেলেঙ্কারি | সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি
- আপডেট সময় : ০৮:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 8
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
গন মাধ্যমে ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ প্রকাশের পর অবশেষে ব্যবস্থা নিল উপজেলা প্রশাসন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে অসহায় মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উপজেলা।
বিভিন্নগন মাধ্যমে সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর গত ১ নভেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা নিজে মধুমুড়া গ্রামে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। ভুক্তভোগী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পান।
তদন্ত শেষে ইউএনও’র নির্দেশে সমাজসেবা অফিসার দেবিদ্বার থানায় জিডি করেন।
ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ৩০০ টাকা করে নেওয়া হয়। পরে কার্ড পেলে আরও ২ হাজার টাকা দিতে হবে বলে দাবি করা হয়। এইভাবে মধুমুড়া গ্রামের অন্তত ৮ থেকে ১০ জন মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী অটো চালক সবুজ মিয়ার স্ত্রী সুমি বেগম বলেন, মহিউদ্দিন ফ্যামিলি কার্ড কইরা দিবো বইলা আমার কাছ থাইকা ৩০০ টাকা নিছে। কইছে কার্ড পাইলে আরও ২ হাজার টাকা দিতে হইবো।
তার দেওয়া তথ্য অনুযায়ী টাকা দেওয়া অন্যরা হলেন জাহাঙ্গীর মিয়ার স্ত্রী, শফিক মিয়ার স্ত্রী, গিয়াস মিয়ার স্ত্রী, রফিক মিয়ার স্ত্রী, মোকলেছ মিয়ার স্ত্রী ও নুরু মিয়ার স্ত্রী।
দেবিদ্বার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, গণমাধ্যম সংবাদ প্রকাশের পর আমার নজরে আসলে আমি নিজে সরেজমিনে তদন্ত করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে জিডি করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে তদন্ত পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নোমান হোসেন বলেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করেছি। ইউএনও স্যারের নির্দেশে থানায় জিডি করেছি। তদন্তে চলমান রয়েছে।
দেবিদ্বার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর সমাজসেবা অফিস থেকে একটি জিডি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতারণার মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ছাত্রদল নেতা মহিউদ্দিন টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ ওঠা পারুল আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম মুন্সী বলেন, কার্ড সম্পূর্ণ বিনামূল্যে। কেউ টাকা নিলে সেটা প্রতারণা।
সংবাদ প্রকাশের পর জিডি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলেন, পত্রিকায় সংবাদ না আসলে হয়তো ঘটনাটা চাপা পড়ে যেত। এখন দোষীদের শাস্তি চান তারা।














