দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার দম্পতি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 3
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ময়নাল হোসেন নামে এক প্রবাসী ও তাঁর স্ত্রী আয়শা আক্তার। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে জড়িতদের আইনগতভাবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী দম্পতি। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে ভুক্তভোগী ময়নাল হোসেনের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ময়নাল হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন কুয়েতে প্রবাসজীবন কাটিয়ে তিনি কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে জমানো ওই অর্থের মধ্যে সাত লাখ টাকা তাঁর স্ত্রী আয়শা আক্তারের কাছে সংরক্ষিত ছিল। পরবর্তী সময়ে জমি কেনার কথা বলে তাঁর শ্বশুর এনামুল হোসেন ওই টাকা ধার নেন বলে দাবি করেন তিনি। তবে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ময়নাল হোসেনের অভিযোগ, পাওনা টাকা ফেরত চাইতে গেলে বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ আরও বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর রাতে কৌশলে তাঁদের ঘরে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তিনি ও তাঁর স্ত্রী হামলার শিকার হন বলে অভিযোগ করেন। মারধরের ঘটনায় তাঁর একটি হাত ভেঙে গেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন ময়নাল হোসেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার আশায় কষ্টার্জিত অর্থ জমিয়েছিলেন। সেই অর্থ ফেরত চাইতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হবেন, তা তিনি কখনো কল্পনা করেননি। ঘটনার পর থেকে তিনি ও তাঁর স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন।
ভুক্তভোগী ময়নাল হোসেন জানান, এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া এবং হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দম্পতি তাঁদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে এ ঘটনায় অভিযোগ তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আশরাফ জানান, শনিবার বিষয়টি স্থানীয়রা মিমাংসা করেছে শুনেছি। তবে চিকিৎসার কোনো সনদ দেখাতে পারেনি৷

















