মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলমের
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার
- আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 12
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) রূপম কুমার সরকার, এএসআই (নিঃ) ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী পাকা সড়কের পাশে উত্তর তেতাভূমি এলাকায় স্থানীয় সালাম মিয়ার বাড়ির বসতঘরের উত্তর পাশের জঙ্গলের ভেতরে পড়ে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ব্যাগ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও বিস্তার রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য দিয়ে পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুল আলম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। মাদকের কারণে কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক সরবরাহের উৎস শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করছেন স্থানীয়রা। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।















