বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
- আপডেট সময় : ০৫:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 6
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সাথে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রাইয়ান নিখোঁজের ঘটনায় মামলা করেছেন তার মা রুমানা বেগম। মামলায় নিজের বোনের স্বামী আল আমিনকে (৪০) প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কলাপাড়া থানায় মামলাটি করেন রুমানা বেগম। মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে আল আমিন তিন থেকে চারজনকে সাথে নিয়ে শিশুটিকে অপহরণ করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঘুটাবাছা গ্রামের নিজ বসতঘরে ছেলে রাইয়ানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রাসেল খান। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘর লেপার কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে উঠে ঘরের ভেতরে আল আমিনকে দেখতে পান। পরে তিনি আবার ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শিশুটিকে আর বিছানায় পাওয়া যায়নি।
মামলায় আরও উল্লেখ করা হয়, রুমানার বোন ফিরোজা বেগমের সাথে তার স্বামী আল আমিনের পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে আল আমিন ফিরোজার বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলা করেন, যা বর্তমানে কলাপাড়া থানায় তদন্তাধীন। এসব বিষয় নিয়ে রাসেল ও তার স্ত্রী রুমানার সঙ্গেও আল আমিনের বিরোধ তৈরি হয়। এর জেরে আল আমিন আগে শিশুটিকে অপহরণের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তারা।
রুমানা বেগম অভিযোগ করে বলেন, তার বোনের সাথে পারিবারিক বিরোধ মীমাংসা না হওয়ায় আল আমিন তাদের ক্ষতি করার এবং সন্তানকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। তার দাবি, আল আমিন আরও কয়েকজনকে সাথে নিয়ে শিশুটিকে নিয়ে গেছেন। সন্তানকে খুঁজে বের করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
শিশুটির বাবা রাসেল খানও আল আমিনের সাথে পারিবারিক বিরোধের কথা উল্লেখ করে তার সন্তানকে অপহরণের অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।















