কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- আপডেট সময় : ১১:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 49
কুমিল্লা জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানের আওতায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত, অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন স্থান, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ২৫৪ জনের পরিচয় ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাইয়ে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

















