চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাজেদুল ইসলাম পলাশ
- আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 13
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (‘ক’ ক্যাটাগরিতে) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
টানা ও ধারাবাহিকভাবে এই অর্জন প্রসঙ্গে ওসি সাজেদুল ইসলাম পলাশ তার অনুভূতি ব্যক্ত করে দাউদকান্দি মডেল থানার সকল অফিসার, ফোর্স এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই অর্জন কেবল তার একার নয়; বরং থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং দাউদকান্দিবাসীর সার্বিক সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে। আগামীতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক-সন্ত্রাস নির্মূলে দাউদকান্দি মডেল থানা পুলিশ আরও নিষ্ঠার সাথে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।













