ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও ভারতীয় চাল জব্দসহ গ্রেফতার ৯
- আপডেট সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 13
(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চাল উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত এসব অভিযানে এ সাফল্য আসে।
অভিযানের বিবরণ অনুযায়ী, গত ২২ অক্টোবর উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৫৮ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইফল রমিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তায় বিজিবি অভিযান চালায়। এ সময় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ শাকিল (২৭) নামের এক যুবককে আটক করা হয়। আটক শাকিল নরসিংদী সদর উপজেলার দড়িগাজীর গাঁও গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
একই দিন বিকেলে শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশে জামাল মার্কেটের সামনে পাকা রাস্তায় ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ তারেক আজিজ ও এএসআই মোঃ নুর-আল-আহসান অভিযান চালিয়ে অজ্ঞাত চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪ বস্তা ভারতীয় চাল জব্দ করেন।
পরদিন ২৩ অক্টোবর পৃথক অভিযানে চুরির মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেন এসআই রফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন—১ নম্বর মাধবপুর ইউনিয়নের মনগোছ গ্রামের মোঃ মোস্তফা (৩১) ও ষাইটশালা গ্রামের আবুল কাশেম (২৫)।
একই দিন এসআই রফিকুল ইসলামের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি নাল্লা গ্রামের জান্নাতুল ফেরদাউস এবং এএসআই মোঃ ইমরান হোসেনের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি নাইঘর নোয়াপাড়ার মোঃ আনোয়ার হোসেন (৩২) গ্রেফতার হন।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এসআই মোঃ জালাল উদ্দিন ও এএসআই মোঃ নুর-আল-আহসানের অভিযানে আটককৃতরা হলেন—শশীদল গ্রামের শাকিল মিয়া (৩০), রানীগাছ গ্রামের রবিউল চৌধুরী (২৪), তিতাস উপজেলার কদমতলী গ্রামের মোঃ হাসান (৪৭) এবং ব্রাহ্মণপাড়ার বাড়ানী গ্রামের মোঃ খলিলুর রহমান (৩০)।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















