পারিবারিক ঐতিহ্য ও সেবার অঙ্গীকার নিয়ে ৯ নং মোহাম্মদপুরে চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ সরকার শানু
- আপডেট সময় : ০৫:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 83
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে জনপদের প্রতিটি প্রান্তে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এই প্রেক্ষাপটে মোহাম্মদপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহনেওয়াজ সরকার শানু।
একই সাথে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
শাহনেওয়াজ সরকার শানু মোহাম্মদপুর ইউনিয়নের এক ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে সমাদৃত পরিবারের সন্তান। তিনি ইউনিয়নটির তিনবারের সফল সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খলিলুর রহমান সরকার এবং সাবেক সফল চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট শামসুল হক সরকারের অনুজ।
দুই প্রয়াত ভাইয়ের জনকল্যাণমুখী ভাবমূর্তি ও পারিবারিক সুনামকে ধারণ করে তিনি এবার প্রত্যক্ষভাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও জন্মমাটির টান ও এলাকার পিছিয়ে পড়া মানুষের আর্তনাদ তাকে বারবার ফিরিয়ে এনেছে শেকড়ে। প্রবাসের বিলাসী ও স্বাচ্ছন্দ্যময় জীবন পেছনে ফেলে তিনি এখন পুরো সময় দিচ্ছেন মোহাম্মদপুরের মানুষের সার্বিক উন্নয়নে।
অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের স্পষ্ট রূপরেখা নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
নিজের প্রার্থিতার বিষয়ে শাহনেওয়াজ সরকার শানু বলেন, “চেয়ারম্যান পদটি আমার কাছে ক্ষমতার কোনো বলয় নয়, বরং এটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং এলাকার নিঃস্বার্থ সেবা করার এক পবিত্র আমানত।
আমার দুই প্রয়াত ভাই সততা ও নিষ্ঠার সাথে এই জনপদের মানুষের খেদমত করে গেছেন। তাদের সেই আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে আমৃত্যু সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নির্বাচিত হলে মোহাম্মদপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং একটি নিরাপদ, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করাই হবে আমার অগ্রাধিকার।”
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেটে খাওয়া, সাধারণ ও অবহেলিত মানুষের নাগরিক অধিকার সুরক্ষায় তিনি দল-মত নির্বিশেষে সকল ভোটারের দোয়া ও ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছেন।















