দেবিদ্বারে বসতঘরে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ
- আপডেট সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 23
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের পর একটি বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে দুইজন আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটনা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ মীমাংসার লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে বাড়ির উঠানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের একপর্যায়ে সালিশদাররা মাগরিবের নামাজ আদায় করতে গেলে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জান্নাতুল ফেরদৌসীর দাবি, এ সময় অভিযুক্ত ব্যক্তিরা বাড়ির তিনটি তালা ভেঙে বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং নগদ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় বাধা দিতে গেলে দুই সাক্ষীকে মারধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।











