হাদির দুই খুনিকে ফেরানোর অনুরোধে সাড়া দেয়নি ভারত
- আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 23
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছে। গত ১৬ মার্চ ওই পত্র দেওয়া হলেও ভারতীয় পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রথমবার সাড়া পাওয়া না গেলেও দ্বিতীয়বার চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলেও কাজ করছে সরকার। তবে উভয় দিক থেকে কোনো সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের বন্দিবিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় দুই আসামিকে ফেরত আনার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
কিন্তু প্রতিবেশী দেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশ মনে করছে, হাদি হত্যার দুই আসামিকে ফেরতের প্রক্রিয়া বিলম্ব হতে পারে। এতে হাদি হত্যার মূল গডফাদার কারা, তার রহস্য উদ্ঘাটন দেরি হবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে।











